ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজনের বিপরীতে নয়জন নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগ থেকে শিক্ষক নিয়োগের চাহিদা পাঠানো হয়নি। তারপরও অস্থায়ী চারজন শিক্ষক চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হয়েছে। শেষমেশ ওই চারটি পদের বিপরীতে নেওয়া হয়েছে নয়জনকে। এর মধ্যে আবার তিনজন এখনো স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে এ ঘটনাই ঘটেছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নিয়োগ দেওয়া হয়।
সিন্ডিকেট সভার কার্যবিবরণীতে দেখা যায়, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ছুটিজনিত শূন্যপদের বিপরীতে চারটি অস্থায়ী প্রভাষক পদে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক পদে আবেদনকারীকে অবশ্যই ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি, ফলিত রসায়ন ও কেমিকৌশল অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়া উভয়টিতে প্রথম শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৫০ অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
নিয়ম অনুযায়ী কোনো বিভাগে শিক্ষক নিয়োগের প্রয়োজন হলে বিভাগীয় সমন্বয় ও উন্নয়ন (সিঅ্যান্ডডি) কমিটি চাহিদা সিন্ডিকেটে পাঠায়। সিন্ডিকেট অনুমোদনের পর বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। ওই বিভাগের একাধিক শিক্ষক জানান, চাহিদাটি বিভাগ থেকে পাঠানো হয়নি। বিভাগের চেয়ারম্যান এম নুরুল আমিনও বিষয়টি স্বীকার করেন।
এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, নিয়োগের জন্য কখনো বিভাগ থেকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় না। এটি বিভাগের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। পদ খালি থাকলে কখনো কখনো বিভাগ না চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞাপন দিতে পারে।
যে নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে তিনজনের স্নাতকোত্তর ডিগ্রিই নেই। তাঁদের সম্পর্কে সভার সিদ্ধান্তে বলা হয়, সিঅ্যান্ডডি কমিটির সুপারিশ অনুযায়ী অস্থায়ীভাবে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তাঁরা স্থায়ীভাবে নিয়োগের আবেদন করতে পারবেন। তিনজনই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তর করছেন।
এ সম্পর্কে আরেফিন সিদ্দিক বলেন, সিলেকশন কমিটি যদি বিজ্ঞাপনের অতিরিক্ত নিয়োগের সুপারিশ করে ও সিন্ডিকেট অনুমোদন করে, তবে এ নিয়োগ হতে পারে। আর এ ক্ষেত্রেও হয়তো সেটিই হয়েছে।