ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকে পেটালেন পদবঞ্চিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-ধর্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক আইনুল হককে মারধর ও লাঞ্ছিত করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ ঘটনা ঘটে। আহত আইনুল এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর মাথা ফেটে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনুল গতকাল দুপুর পৌনে একটায় হাকিম চত্বরে এলে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা তাঁকে মারধর শুরু করেন। এরপর তাঁকে বিবস্ত্র করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে কিছু শিক্ষার্থী তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।আইনুল হক জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রদলের পদবঞ্চিত ১৫-২০ জন নেতাকর্মী তাঁকে মারধর করেন। তবে ছাত্রদলের পদবঞ্চিত গ্রুপের নেতা আহসান উদ্দিন বলেন, আইনুল ক্যাম্পাসে মাদক সরবরাহ করতেন। গতকাল ক্যাম্পাসে এসে তিনি উসকানিমূলক বক্তব্য দিতে থাকেন। এ সময় ক্ষুব্ধ কিছু ছাত্র তাঁকে মারধর করেন। ছাত্রদলের নামে কোনো বহিরাগত ক্যাম্পাসে এলে একই পরিণতি হবে। গত ১ জানুয়ারি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনের সাবেক কেন্দ্রীয় সমাজসেবাবিষয়ক সম্পাদক আহসানউদ্দীন খান ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমের নেতৃত্বে একাংশ বিদ্রোহ করে। তাঁরা জঙ্গি-মদদদাতা নেতাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।