ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিত
পয়লা বৈশাখের খাবার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে গত বুধবার হলের এক আবাসিক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। একই ঘটনায় ছাত্রলীগের কর্মীরা হল প্রাধ্যক্ষসহ চারজন আবাসিক শিক্ষককে হলের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।হলের ছাত্ররা জানান, পয়লা বৈশাখের খাবারের মান খারাপ দাবি করে ছাত্রলীগের কর্মীরা প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এরপর ১০০ প্যাকেট খাবার দেওয়ার শর্তে তাঁরা শান্ত হন। নিজেদের মধ্যে ওই খাবার বণ্টন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আবাসিক শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে ছাত্রলীগের একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শিক্ষকদের ধাওয়া করে।প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে আবাসিক শিক্ষক মুহাম্মদ আসাদুজ্জামানকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রেজা সেকান্দার ধাক্কা দেন। তখন তিনিসহ অন্যান্য শিক্ষক প্রাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রাধ্যক্ষসহ চারজন আবাসিক শিক্ষককে প্রাধ্যক্ষের কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান এসে তালা ভেঙে তাঁদের উদ্ধার করেন।আবাসিক শিক্ষক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখের খাবারের দায়িত্ব তাঁদের কাছে না দেওয়ায় মূলত এ ঘটনা ঘটে। তিনি বলেন, রেজা সেকান্দার ও ছাত্রলীগের কিছু কর্মী তাঁকেসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে যা করেছেন, তা খুবই লজ্জার বিষয়।তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হলের প্রাধ্যক্ষ আবদুস সাত্তার।এ বিষয়ে রেজা সেকান্দার বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। উদ্দেশ্যমূলকভাবে তাঁর নাম জড়ানো হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।এদিকে অণুুজীববিজ্ঞান বিভাগের বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে শহীদুল্লাহ ও অমর একুশে হলের ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। পরে প্রক্টর ও র্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।