ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কড়া ‘শাসনে’ হল প্রশাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক থেকে গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রথম বর্ষের ৪৪ ছাত্রকে হল থেকে বের করে দেন ছাত্রলীগের হল শাখার সভাপতি শাহরিয়ার আজম। সাড়ে তিন ঘণ্টা কার্জন হল চত্বরে দাঁড়িয়ে থাকলেও হল কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউই ছাত্রদের সহায়তা করেনি। রাত চারটার দিকে সভাপতির কক্ষে গিয়ে ক্ষমা চাওয়ার পর শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি মেলে।সম্প্রতি মুঠোফোনে যোগাযোগ করা হলে হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না। ওকে, স্টপ’ বলে তিনি ফোন রেখে দেন।গত চার মাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা হল প্রশাসনকে কাজে বাধা দেওয়া, শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া, হল ক্যানটিন বন্ধ করে দেওয়ার মতো বেশ কয়েকটি ঘটনা ঘটান। কিন্তু এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আবাসিক হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী, হলে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানসহ সব কর্মকাণ্ড পরিচালিত হবে কর্তৃপক্ষের নির্দেশে। কিন্তু বাস্তবে এখন সব কটি আবাসিক হলেই ছাত্রদের হলে তোলা, কক্ষ স্থানান্তরের কাজ করে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন। পূর্ণাঙ্গ কমিটির দাবিতে জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীরা গত ২৯ ডিসেম্বর হলের ক্যানটিনসহ সব খাবারের দোকান আধাবেলা বন্ধ করে রাখেন। এতে হলের দেড় হাজার ছাত্র চরম ভোগান্তিতে পড়েন।কে বা কারা ক্যানটিন বন্ধ করার নির্দেশ দিয়েছে, তা জানতে হলের দুই দোকানিকে তখন কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। হল প্রাধ্যক্ষ আবু মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কারা এ নির্দেশ দিয়েছিল, তা জানতে না পারায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। দোকানদারেরা কাউকে চেনে না বলে জবাব দিয়েছেন।’ সূর্য সেন হলে ১৭ জানুয়ারি বিভিন্ন বিভাগের তৃতীয় সেমিস্টারের কয়েকজন ছাত্রকে মারধর করেছেন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুই ছাত্রকে হল থেকে বেরও করে দেওয়া হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ১৮ জানুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ। সাত দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে, হল কর্তৃপক্ষকে তাদের কাজে বাধাও দিয়েছে ছাত্রলীগ। হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস প্রথম আলোকে বলেন, ‘সার্বিক অবস্থা থেকে আমরা বলতে পারি, ছাত্রলীগ নেতা-কর্মীদের কর্মকাণ্ড হল প্রশাসনগুলোর কর্মকাণ্ডে কিছুটা হলেও বিঘ্ন ঘটাচ্ছে।’ তবে নিজ হলে নির্বিঘ্নে কাজ করতে পারছেন বলে দাবি করেন তিনি।গত ১৮ অক্টোবর শেখ রাসেলের ৪৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল করে ছাত্রলীগ। সলিমুল্লাহ মুসলিম হলে মিছিলের জন্য হলের অতিথিকক্ষে জড়ো হতে দেরি করায় ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের কক্ষ, পাঠকক্ষ এমনকি বাথরুমে গিয়েও শিক্ষার্থীদের মারধর করেন। এ ক্ষেত্রেও হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।সে সময় হল প্রাধ্যক্ষ গোলাম মোহাম্মদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটিকে গুজব বলে দাবি করেন। গত ৪ অক্টোবর রাতে মুহসীন হলে ১৭ জন শিক্ষার্থীকে তুলে দিতে গেলে হলের আবাসিক শিক্ষক আবু তালেবসহ কয়েকজন শিক্ষককে বাধা দেন হল শাখা ছাত্রলীগের সাধারণ মুহাম্মদ মহিউদ্দীন। শিক্ষককে উদ্দেশ করে তিনি বলেন, ‘এ তলায় আসার অনুমতি আপনাকে কে দিয়েছে?’আবু তালেব প্রথম আলোকে বলেন, ‘হলকে তারা নিজেদের সম্পত্তি মনে করছে। তারা নিয়ম তো মানেই না, উল্টো বেয়াদবি করে।’মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমি বলেছিলাম, স্যার, আপনি যেহেতু আসছেন, আমাকে একটু জানালেই হতো।’একই হলের তৃতীয় তলার সংস্কারকাজ করার সময় শিক্ষার্থীদের বর্ধিত ভবনে সরানোর সময় হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকদের বাধা দেন ওই হলের ছাত্রলীগের সভাপতি মুহম্মদ আলীর অনুসারীরা। বর্ধিত ভবনের পাঁচটি কক্ষে ছাত্রদের সরিয়ে নেওয়ার কথা থাকলেও মুহাম্মদ আলীর অনুসারীরা তিনটির বেশি কক্ষ ছাড়তে রাজি হননি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মুহাম্মদ আলী।হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস প্রথম আলোকে বলেন, ‘আধিপত্য বিস্তারের জন্য হলে নেতারা অনেক সময় কক্ষ দখল করে রাখেন। বিষয়টি হলের নিয়মবহির্ভূত। কিন্তু বিপত্তি এড়ানোর জন্য আমাদের অনেক সময় সমঝোতায় যেতে হয়।’সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, হলগুলোর যেকোনো কর্মকাণ্ড পরিচালিত হবে কর্তৃপক্ষের নির্দেশে। এ ক্ষেত্রে ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।