ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন ১১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচন ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী-বামপন্থী নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুই দলই তাদের প্রার্থী-তালিকা চূড়ান্ত করেছে। নির্বাচনে নীল দল আইন অনুষদ বাদে বাকি নয়টি অনুষদে অংশ নিচ্ছে, অন্যদিকে সাদা দল অংশ নিচ্ছে সব কটি অনুষদেই। তবে আইন অনুষদে সাদা দলের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। নীল দলের প্রার্থীরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদে ফরিদ উদ্দিন আহমেদ (অর্থনীতি), কলায় আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস), বিজ্ঞানে ইউসুফ আলী মোল্লা (রসায়ন), ব্যবসায় শিক্ষায় মমতাজ উদ্দিন আহমদ (হিসাববিজ্ঞান), জীববিজ্ঞানে সহিদ আকতার হোসেন (মৃত্তিকা, পানি ও পরিবেশ), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে নাসরিন আহমেদ (ভূগোল ও পরিবেশ), ইঞ্জিনিয়ারিংয়ে আহমেদ ইসমাইল মোস্তফা (ফলিত রসায়ন), ফার্মেসিতে সীতেশ চন্দ্র বাছার (ওষুধপ্রযুক্তি) এবং চারুকলা অনুষদে ইমদাদুল হক মতলুব আলী (অংকন ও চিত্রায়ণ)।সাদা দলের প্রার্থীরা হলেন সামাজিক বিজ্ঞানে মোবাশ্বের মোনেম (লোকপ্রশাসন), কলায় সদরুল আমিন (ইংরেজি), বিজ্ঞানে তাজমেরী এস এ ইসলাম (রসায়ন), ব্যবসায় প্রশাসনে জামাল উদ্দিন আহমেদ (ফিন্যান্স), জীববিজ্ঞানে আবদুল আজিজ (উদ্ভিদবিজ্ঞান), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে শাহনাজ হক হোসেন (ভূগোল ও পরিবেশ), ইঞ্জিনিয়ারিংয়ে শাহিদা রফিক (ফলিত পদার্থবিজ্ঞান), ফার্মেসিতে হাবিবুর রহমান (ওষুধপ্রযুক্তি) এবং চারুকলা অনুষদে আবদুস সাত্তার (প্রাচ্যকলা)।আইন অনুষদে নীল দল কোনো প্রার্থী দেয়নি। একই অনুষদে সাদা দলপন্থী তিনজন শিক্ষক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁরা হলেন অধ্যাপক নজরুল ইসলাম (আসিফ নজরুল), অধ্যাপক বোরহান উদ্দিন খান ও অধ্যাপক তসলিমা মনসুর। তবে এরই মধ্যে আসিফ নজরুল তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন শুধু অধ্যাপক তসলিমা মনসুর তাঁদের প্রার্থী বলে দাবি করেছেন। ১১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।