ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু হচ্ছে আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী সংগীত উৎসব। সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর সংগীত উৎসবের প্রতিপাদ্য ‘বিশ্ববন্ধনে সংগীত’। উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রখ্যাত গুণী শিল্পী, গীতিকার-সুরকারদের সম্মাননা প্রদান করা হবে।
এ ছাড়া বিভাগের প্রয়াত শিক্ষক নীলুফার ইয়াসমীনের স্মরণে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ প্রদান করা হবে। পরে ভারত থেকে আসা ও বাংলাদেশে বসবাসরত বিদেশি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আগামীকাল বুধবার সন্ধ্যায় হবে আলোচনা সভা, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং ভারত ও চীনের আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।