ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই: হাইকোর্টের রায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না। এ সংক্রান্ত একটি রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এএফএম মেজবাহউদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত রিট আবেদন খারিজ করে দেওয়ায় কেবলমাত্র চলতি বছর যারা উচ্চ মাধ্যমিকে পাস করেছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে শুধু তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
অপর দিকে রিট আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আদালতের এ রায়ে আমরা ব্যথিত। এতে ২০১৪ সালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হননি, তাঁরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, এমন ২৬ শিক্ষার্থীর অভিভাবক এ রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৬ মার্চ হাইকোর্ট একটি রুল ইস্যু করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ আটজন বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়।
পরে বিবাদীরা রুলের জবাব দিলে গত সোমবার ও গতকাল মঙ্গলবার এর ওপর শুনানি শেষে আজ রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হয়। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এএফএম মেজবাহউদ্দিন।
এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরা টানা দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে গত বছর তা সীমিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে শুধু ওই বছর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা। অর্থাৎ, চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই গত ১২ মার্চ হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।