ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীতি ও নৈতিকতা বিষয়ক কর্মশালা
৯০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এথিকস অ্যান্ড মোরালিটি, সিভি রাইটিং, উইনিং ইন্টারভিউ, ক্যারিয়ার প্লানিং ও ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অনুষদের জন্য ছয় মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছে এথিকস ক্লাব ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এথিকস ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলারা এ খানের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় বক্তৃতা করেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক সৈয়দ মাসুদ হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রকিবউদ্দিন আহমেদ, এথিকস ক্লাবের সভাপতি এম ই চৌধুরী শামীম প্রমুখ। নয়জন বিশেষজ্ঞ ব্যক্তি কর্মশালাটি পরিচালনা করেন।কর্মশালায় ব্যবসায় শিক্ষা অনুষদের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন। আগস্টে কলা, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট; সেপ্টেম্বরে কার্জন হলভিত্তিক বিভাগগুলো; অক্টোবরে মোকাররম ভবন ও অ্যানেক্স ভবনভিত্তিক বিভাগ; নভেম্বরে আইন অনুষদ এবং ডিসেম্বরে চারুকলা অনুষদে এই কর্মশালার আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।