ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার সচেতনতাই পরিবর্তনের শক্তি’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ থেকে এ কার্যক্রম শুরু হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিএসসিসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকা শহরে ময়লা-আবর্জনা ফেলার পর্যাপ্ত ডাস্টবিন নেই। সে জন্য শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার ডাস্টবিন সরবরাহের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। কয়েক মাসের মধ্যেই ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে ডাস্টবিন দেওয়া হবে। এ ছাড়া এক বছরের মধ্যে সব সড়কে বিদ্যুৎ-সাশ্রয়ী এলইডি বাতির ব্যবস্থা করা হবে।
ডিএসসিসির মেয়র বলেন, ঐতিহ্যবাহী ঢাকা শহরে হাজারো সমস্যা নিয়ে বসবাস করছেন নগরবাসী। কিন্তু বর্জ্য অব্যবস্থাপনার কারণে বিভিন্ন জরিপ ও গবেষণায় এই শহরকে বসবাসের অনুপযোগী বলা হয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মেয়র বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে ডিএসসিসি। কিন্তু ডিএসসিসির অল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে শহরকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতার কাজে অবদান রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়, ঘরবাড়ি, দপ্তর, রাস্তাঘাটসহ সব স্থানে পরিচ্ছন্ন পরিবেশ দরকার। এ জন্য সবার মনমানসিকতা ও চিন্তা-চেতনা সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে।