ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের পুকুরে গোসল করতে নেমে গতকাল বুধবার বিকেলে পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুল হায়দার (২১)।
মাহফুজুলকে বাঁচাতে লাফিয়ে পুকুরে নেমেছিলেন হলের সিকিউরিটি গার্ড মো. রুবেল হোসেন। তিনি বলেন, হলের ডিবেটিং সোসাইটির বার্ষিক উৎসব উপলক্ষে রাস্তায় আলপনা আঁকছিলেন মাহফুজুল ও তাঁর কয়েকজন সহপাঠী। আলপনা আঁকা শেষে তাঁরা রঙের বালতি নিয়ে সেগুলোতে করে পানি তুলে ঘাটে গোসল করছিলেন। এমন সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মাহফুজুল ও আরেক সহপাঠী। তাঁদের চিৎকারে রুবেল ছুটে পানিতে লাফিয়ে পড়েন। কিন্তু একজনকে রক্ষা করতে পারলেও মাহফুজুলকে তিনি হারিয়ে ফেলেন। পরে হলের ছাত্র ও ডুবুরিদের সহযোগিতায় খোঁজাখুঁজির পর তাঁর লাশ উদ্ধার করা হয়।
মাহফুজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সন্ধ্যায় হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী। প্রক্টর বলেন, তিনি তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই হলে মাহফুজুলের জানাজা হয়েছে। পরে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার আরুয়াপাড়ায়।