জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশি বাধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ করেছেন। ছাত্রদলের নেতারা জানান, তাঁরা গতকাল সোমবার সাত দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ছাত্রদলকে স্মারকলিপি দিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হলেও তারা আসেনি।নেতারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন খালেদা জিয়ার নামে ছাত্রী হলের নাম বহাল রাখা, হলে ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করা, মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন, শিক্ষার্থী উন্নয়নমুখী বাজেট প্রণয়নসহ সাত দফা দাবিতে গতকাল উপাচার্যকে তাঁরা স্মারকলিপি দিতে যেতে চেয়েছিলেন। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকেই শাহবাগ মোড়ে তাঁদের বাধা দেয় পুলিশ। পরে তাঁরা স্মারকলিপি না দিয়ে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিন ও যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক সমাবেশে বক্তব্য দেন। ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ২০০৫ সালে সিনেট অনুমোদিত বেগম খালেদা জিয়ার নামে নির্মাণাধীন ছাত্রী হলের নাম পরিবর্তনের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী প্রশাসন।ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। এ সময় সেখানে শত শত পুলিশ ও র্যাব সদস্য যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা বলেছে, ক্যাম্পাসে ঢুকলেই গ্রেপ্তার করা হবে।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আপনাদের স্মারকলিপি দিয়ে যেতে বলেছিল। দেননি কেন জানতে চাইলে ওবায়দুল হক বলেন, ‘প্রশাসন আমাদের কয়েকজনকে গিয়ে স্মারকলিপি দিয়ে আসতে বলেছিল। কিন্তু আমরা যদি ক্যাম্পাসে ঢোকার অধিকারই না পাই তাহলে কয়েকজন গিয়ে স্মারকলিপি দিয়ে লাভ কী? তাই আমরা যাইনি।’