ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না প্রতিবন্ধী সুমাইয়ার?

একে হতদরিদ্র পরিবার, তার ওপর দৃষ্টিপ্রতিবন্ধী। তাই তাঁকে নিয়ে পরিবারে দুশ্চিন্তার শেষ ছিল না। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে একের পর এক সফলতা পেয়েছেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩৯৭তম স্থান অর্জন করে যেন পরিবারের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছেন জয়পুরহাটের সুমাইয়া আক্তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করতে আগ্রহী সুমাইয়া জয়পুরহাট পৌরসভার নতুন হাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বাবার বসতভিটা ছাড়া আর কোনো সম্পদ নেই। রফিকুল সাইকেলে করে বিভিন্ন দোকানে ফেরি করে বেড়ান। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা পরিবারের। সেখানে মেয়ের উচ্চশিক্ষার ব্যয় জোগাড় করা তাঁর জন্য কষ্টসাধ্য।
সুমাইয়া প্রথম আলোকে বলেন, পড়াশোনার প্রথম থেকেই ব্রেইল পদ্ধতির বই ছাড়াই ক্লাসে শিক্ষকেরা যা পড়াতেন তাই শুনতেন এবং রেকর্ড করে নিয়ে আসতেন। পরে বাড়িতে তা মুখস্থ করতেন। টাকার অভাবে কোচিংয়ে যেতে পারেননি। বান্ধবীরা কোচিংয়ের নোট পাঠিয়ে দিতেন। সেগুলো তাঁর ছোট ভাই কলেজছাত্র মিঠু হাসান পড়ে শোনাত। শুনেই মুখস্থ করতেন সুমাইয়া। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। মেয়েকে ঢাকায় রেখে পড়ানোর আর্থিক সংগতি তাঁর নেই। কী করবেন ভেবে কূলকিনারা পাচ্ছেন না।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক তুলসী দাশ মোহন্ত বলেন, দৃষ্টিশক্তিহীন হলেও সুমাইয়ার পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ। সে পড়াশোনার সুযোগ পেলে সমাজের বোঝা হবে না।