ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৫টি ইউনিটে ৬ হাজার ৮০০ আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন। ‘খ’ ইউনিটে ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬০৬ জন। কাল শনিবার চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান অংশ) অনুষ্ঠিত হবে। ১৩৫টি আসনের বিপরীতে ১০ হাজার ২৪৩ জন আবেদন করেছেন।
গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খ’ ইউনিটে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজে পরীক্ষাকেন্দ্র রয়েছে। আসন বিন্যাস পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd)। ‘চ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার দায়িত্ব পালন করবেন
৩০ সেপ্টেম্বর ‘গ’ ইউনিট, ১ অক্টোবর ‘চ’ ইউনিটের অংকন অংশ, ২১ অক্টোবর ‘ক’ ইউনিট ও ২৮ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।