ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর পরীক্ষা শুরু হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।সভা সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (admission.univdhaka.edu) এই ওয়বসাইটে ভর্তির আবেদনসহ যাবতীয় তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে। আগামী ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র তোলা যাবে।১২ অক্টোবর বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপর কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ অক্টোবর, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর এবং চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।জানা যায়, গত বছরের মতো এবারও আবেদনপত্রের ফি ৩০০ টাকা ধরা হয়েছে। ব্যাংকের সার্ভিস চার্জ হিসেবে ২০ টাকা দিতে হবে। এ ছাড়া প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। সব মিলে ভর্তির জন্য আবেদন করতে একজন শিক্ষার্থীকে গুনতে হবে ৩৫০ টাকা।