ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ একবার
চলতি (২০১৫-১৬) শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক এমন কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী।
এ এফ এম মেজবাহউদ্দিন পরে প্রথম আলোকে বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিল, এর আগে হাইকোর্ট তা বহাল রাখেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকছে। তাই শিক্ষার্থীরা আর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এত দিন টানা দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে গত বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শুধু ওই বছর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে গত ১৬ মার্চ হাইকোর্ট রুল দেন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ আটজন বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়।
বিবাদীরা রুলের জবাব দেওয়ার পর এর ওপর শুনানি হয়। গত ৮ জুলাই বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর অভিভাবকেরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান, তা গতকাল খারিজ হলো।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্তি হলো, এত দিন এ সুযোগ থাকায় প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে অনেক আসন শূন্য হয়ে যায়। এ ছাড়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়।