ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু ১৬ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি-প্রক্রিয়া আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। গতবারের মতো এবারও শুধু অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে। ১৬ আগস্ট অনলাইনে আবেদনপত্র ছাড়া হবে। আবেদনপত্র নেওয়া ও জমা দেওয়া চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ডিনস কমিটির সভায় সভাপতিত্ব করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় অন্যদের মধ্যে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডিনস কমিটির সভায় ১০ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট), ২১ অক্টোবর কলা অনুষদের (খ ইউনিট), ২৮ অক্টোবর বাণিজ্য অনুষদের (গ ইউনিট), ১৮ নভেম্বর বিভাগ পরিবর্তনকারী (ঘ ইউনিট) এবং ২৫ নভেম্বর চারুকলা অনুষদের (চ ইউনিট) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ‘ক’ ইউনিটের সঙ্গে লেদার টেকনোলজির ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে টেক্সটাইলের ভর্তি পরীক্ষা এবং ফার্মেসি অনুষদের অধীনে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।