ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গতকাল সোমবার শুরু হয়েছে। সকালে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে (http://www.du.ac.bd/admission.php বা http://admission.eis.du.ac.bd) ভর্তি ফরম পূরণ করা যাবে। ওই দিনই ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ দিন। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত।
উপাচার্য বলেন, এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘ক’ ইউনিটের আসন ১ হাজার ৬৬০, মানবিক বিভাগের ‘খ’ ইউনিটে ২ হাজার ২৫০, বাণিজ্য বিভাগের ‘গ’ ইউনিটে ১ হাজার ১৭০, সমন্বিত ‘ঘ’ ইউনিটের ১ হাজার ৪৪০ এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি। চলতি শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর, ‘খ’ ইউনিটের ৯ অক্টোবর, ‘গ’ ইউনিটের ১৬ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ৬ নভেম্বর এবং ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ ১০ অক্টোবর ও অঙ্কন অংশ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।