ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আজ সোমবার থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গতকাল রোববার ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সকাল ১০টায় উপাচার্য আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর খ-ইউনিটের, ২৪ সেপ্টেম্বর চ-ইউনিটের (সাধারণ জ্ঞান), ৩০ সেপ্টেম্বর গ-ইউনিটের, ২১ অক্টোবর ক-ইউনিটের, ২৮ অক্টোবর ঘ-ইউনিটের এবং ১ অক্টোবর চ-ইউনিটের (অঙ্কন) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিষয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.du.ac.bd) পাওয়া যাবে।