ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি আসনে প্রার্থী ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩৯ জন ভর্তিচ্ছু।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ভর্তির আবেদন-প্রক্রিয়া সমাপ্ত করে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। এর মধ্যে ক ইউনিটের ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ১৬১ জন, খ ইউনিটের ২ হাজার ২৮০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৪২১ জন, গ ইউনিটের ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৮৫৭ জন, ঘ ইউনিটের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৭৯৮ জন এবং চ ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ১৬৭ জন আবেদন করেছেন।
উপাচার্য আরও বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগযোগ করা যায় এরূপ ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে এবার ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবেন।
আবেদনকারীরা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভর্তি ফি জমা দিতে পারবেন। প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত।