ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুল বানানে 'বিশ্ব বিদ্যালয়'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু টাওয়ারের সাইনবোর্ডের ‘বিশ্ববিদ্যালয়’ বানানটিই ভুল। ‘বিশ্ববিদ্যালয়’ এক শব্দ হলেও সাইনবোর্ডটিতে ‘বিশ্ব’ ও ‘বিদ্যালয়’ দুটি আলাদা শব্দ লেখা হয়েছে। প্রায় ১১ মাস ধরে এই ভুল বানানের সাইনবোর্ডটি টাওয়ারের গায়ে সেঁটে থাকলেও সেদিকে নজর নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার কামাল প্রথম আলোকে বলেন, ‘এটা ভুল। বিশ্ববিদ্যালয় শব্দটি এক শব্দের হবে। আলাদা হবে না।’
বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকা ঘেঁষে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত ২০ তলা এই টাওয়ার ভবনটি অবস্থিত। ২০১৫ সালের ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই টাওয়ারে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া কর্মচারীদের মধ্যে কক্ষের চাবি তুলে দেন। সেই থেকে এই ভুল বানানের ব্যানারটি টাওয়ারটির গায়ে আছে বলে জানান ওই টাওয়ারটির দুই কর্মচারী।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন বলেন, ‘আমি জানতাম না। আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টি দেখছি।’

আজ মঙ্গলবার টাওয়ারটিতে গিয়ে দেখা যায়, টাওয়ারটির সামনের দিকে দ্বিতীয় তলার সমান অংশে একটি সাইনবোর্ড সাঁটানো। ব্যানারটির একপাশে বঙ্গবন্ধুর ছবি এবং অন্যপাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। আর মাঝখানে লেখা, ‘জাতির জনক বঙ্গবন্ধু টাওয়ার/ঢাকা বিশ্ব বিদ্যালয়, ঢাকা।’ এখানে ব্যানারের ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি দুই শব্দে ‘বিশ্ব বিদ্যালয়’ লেখা হয়েছে।
বানান ভুলের বিষয়টি জানেন কি না বা কেউ কখনো বলেছেন কি না, জানতে চাইলে টাওয়ারের প্রধান ফটকে দায়িত্বে থাকা দুই কর্মচারীর মধ্যে একজন বলেন, ভুল বানানটির বিষয়টি নিয়ে এর আগেও একবার কথা উঠেছিল। কিন্তু তারপরও কেউ ঠিক করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ব্যাপারটি খেয়াল করিনি। সাইনবোর্ডটি কালকেই নামিয়ে ফেলা হবে।