পুরান ঢাকার সূত্রাপুরে একটি মন্দির ও পুরোনো ভবন দখলের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথ হলের দুই শতাধিক ছাত্র মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, ভূমিদস্যুরা বৃহস্পতিবার সূত্রাপুরের দক্ষিণ মৈশুন্ডির একটি পুরোনো ভবন ও শ্রীশ্রী রাধাকান্ত জনার্ধন জিউ মন্দির দখল করে ৩৪টি পরিবারকে উচ্ছেদ করে। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ছাত্ররা দখলকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ৩৪টি পরিবারের পুনর্বাসন ও নিরাপত্তা, মন্দিরের ক্ষতিপূরণ প্রদান এবং দেবোত্তর সম্পত্তি রক্ষা আইন করার দাবি জানান।দাবি আদায়ে শিক্ষার্থীরা আজ শনিবার সকালে কলাভবনের সামনে মানববন্ধন করবেন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন বলে জানান। সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের জহুরুল হক হল শাখার সভাপতি এস এম রিয়াজউদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান হল শাখার সভাপতি রিফাত হোসেন, জগন্নাথ হলের ছাত্র উৎপল সাহা, জয়দেব নন্দী ও বিপ্লব সরকার।