ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ বৈকল্য বিভাগের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ বৈকল্য বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম-বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ বৈকল্য বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম-বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক l ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডারস) বিভাগের উদ্বোধন করেছেন অটিজম-বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন। গতকাল বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ এ বিভাগের উদ্বোধন করেন। গত বছরের ১ এপ্রিল যোগাযোগ বৈকল্য বিভাগটি যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ বলেন, যোগাযোগ বৈকল্য বিষয়ে শিক্ষা ও গবেষণা না হলে সমাজ ও মানুষের উন্নতি হবে না। কেননা, ব্যক্তিমানুষের যোগাযোগের এ সমস্যা পরিবার ও সমাজকে প্রভাবিত করে। এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘তোতলানো বুদ্ধিপ্রতিবন্ধিতা নয়, মানুষের ভুল বোঝার জন্য এ ধরনের ধারণা হয়, যোগাযোগ বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করতে পারেন। সমাজের মানবিক ও মানসিক অগ্রগতির সূচনার জন্য এ বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মানসিক সমস্যা সমাধানে শারীরিক শিক্ষার সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য ও যোগাযোগ স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে এ বিভাগটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু লোক আজ বিপথগামী হয়েছে। সন্তানদের সন্ত্রাসের কবল থেকে রক্ষা করতে হলে যোগাযোগ স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে সামাজিক স্বাস্থ্যের জন্য কাজ করতে হবে।’ স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ। ধন্যবাদ জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আখতার হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে সৈয়দ মাহবুব হামিল ও হুমায়রা আনজুম বক্তব্য দেন।