ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার চক্রান্ত চলছে: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অভিযোগ করে বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। একটি বিশেষ রাজনৈতিক মহল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে লাশ ফেলার চক্রান্ত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক সাবেক ছাত্রনেতার বক্তব্যে তা উঠে এসেছে। এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আরেফিন সিদ্দিক এসব কথা বলেন।
উপাচার্য আরেফিন সিদ্দিক আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশে দেখা যাবে না যে, বিশ্ববিদ্যালয় চলছে, সেটাকে বন্ধ করা, ক্ষতিগ্রস্ত করা বা শিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে ফেলার চক্রান্ত হয়। কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়কে অচল করার ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিনিয়ত দেখতে পাই। স্বাধীন তথ্য কমিশন গঠনের কারণে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গত মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া ডিগ্রি কলেজ মাঠে জেলা দ্বিতীয় রোভার মুটের সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, যারা স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত, তারা নিয়ম ভঙ্গের কোনো অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুট চিফ ও কমিশনার মেহেদী হাসান খান।
রোভারমুটে জেলার ৪০টি উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঁচ শতাধিক রোভার স্কাউট ও রোভার স্কাউট লিডার (আরএসএল) অংশ নেয়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।