ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফট দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের লিফটের নিচে পড়ে গতকাল সোমবার সন্ধ্যায় সোহেল রানা (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত সোহেল ওই হলের কর্মচারী বাবুল মুন্সীর ভাগনে।
হলের লিফটম্যান মোহাম্মদ শফিকের দাবি, ওই লিফটটি ত্রুটিপূর্ণ ছিল। সোহেল ওপরে ওঠার জন্য সুইচ চাপলে লিফটের দরজা খুলে যায়, কিন্তু লিফটটি তখন ওপরেই ছিল। অভ্যাসবশত দরজা খোলার পরে লিফটের ভেতরে ঢুকতে গিয়ে সোহেল নিচের গর্তে পড়ে যান এবং আটকা পড়ে চিৎকার শুরু করেন। লিফটটি নিচে নেমে এলে একটা বিকট শব্দ হয়। পরে তাঁরা লিফট খুলে রক্তাক্ত অবস্থায় নিচ থেকে সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।