ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নবায়নযোগ্য শক্তি মেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটে শুরু হয়েছে তিন দিনব্যাপী নবায়নযোগ্য শক্তি মেলা৷ গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়৷
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য শক্তি খাতের আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার মাস্টার প্ল্যান তৈরিতে কাজ করছে। এ ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২০২০ সালের মধ্যে দেশের ১০ ভাগ বিদ্যুতের চাহিদা নবায়নযোগ্য শক্তি থেকে পূরণ করা হবে। এ লক্ষ্যে শিগগিরই দেশে সোলার পার্ক স্থাপন করা হবে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের এদেশীয় প্রতিনিধি হাসিন জাহান, টেকসই ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম শিকদার, বাংলাদেশ সৌরশক্তি সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম, শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক৷
এ সময় বাংলাদেশ সৌরশক্তি সমিতির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহতাশাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়৷ নবায়নযোগ্য শক্তি নিয়ে গবেষণা উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্ট্রাকো গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন এবং ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রিয়াদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন৷
মোকাররম ভবন ও শক্তি ইনস্টিটিউটের মাঝে শুরু হওয়া এই মেলা কাল শুক্রবার পর্যন্ত চলবে।