প্রথম আলোর এক যুগ পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার প্রথম আলো বন্ধুসভার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ শোভাযাত্রার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নানা রঙের বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারে প্রথম আলো দেশকে মায়ের সঙ্গে তুলনা করেছে। আসলে দেশ মানেই মা, অনেক ক্ষেত্রে দেশের মর্যাদা মায়ের চেয়েও বেশি। যুগপূর্তি অনুষ্ঠানে প্রথম আলো দেশের যে তাৎপর্য তুলে ধরেছে, তা সবার জন্য শিক্ষণীয়। উপাচার্য বলেন, ‘গণমাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য দেওয়াই গণমাধ্যমের কাজ। এক যুগ ধরে প্রথম আলো সে কাজটিই করে যাচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, নির্ভীকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বুদ্ধিবৃত্তিক ও সৎ সাংবাদিকতার কথা বলে গণমাধ্যম। এসব বিষয় রক্ষা করে বলেই প্রথম আলো ভালোভাবে টিকে আছে। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, প্রতিষ্ঠার পর থেকে অনেক বাধা এসেছে। কিন্তু এসব উপেক্ষা করে ১২ বছর পার করেছে প্রথম আলো। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি দেশের ১৬ কোটি মানুষ যদি বদলে যায়, তবে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।