ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সোমবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের করা একটি মামলা পুলিশ গত শুক্রবার রাতে লিপিবদ্ধ করেছে। মামলার অভিযোগে বলা হয়, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের মিছিলে হামলা করা হয়। মামলায় ছাত্রলীগের ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এই ১৪ জন হলেন—বাপ্পী, আলী, মহিউদ্দিন, কামরুল, সাবের, রাহাত, শামসুল কবির, বাসার, এনায়েত, জীবন, আবু সায়্যিদ, জিয়াউল হক, তুহিন ও বরকত। ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক এম কামরুজ্জামান গত বুধবার মামলা করতে গেলে শাহবাগ থানার পুলিশ তা অভিযোগ আকারে গ্রহণ করে। শুক্রবার এই অভিযোগটিকেই মামলা হিসেবে নিয়েছে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, শাহবাগ থানায় দায়ের করা অভিযোগটি প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ছাত্রদলের বঞ্চিত নেতা শেখ আব্দুল হালিম খোকনের স্ত্রী শামীমা লাইজু ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনকে আসামি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সোমবার রাতে কলাবাগান থানায় একটি মামলা করেছেন।