ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক ও ধরম রবিদাস
এনামুল হক ও ধরম রবিদাস

বাবা দিনমজুর, মা নেই। পড়ালেখার খরচ জুগিয়েছেন দিনমজুরি ও পোশাক কারখানায় কাজ করে। এভাবে কষ্ট করে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার রসুলপুর গ্রামের এনামুল হক।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের শ্রমিক মা-বাবার সন্তান ধরম রবিদাস। টিউশনি করে পড়াশোনা করেছেন। এবার তিনিও একই বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু টাকার অভাবে তাঁদের ভর্তি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এনামুলের বাবা ঝলদ্দি। দৃষ্টিপ্রতিবন্ধী ও অ্যাজমা রোগে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। চার ভাইয়ের মধ্যে এনামুল সবার ছোট।
এনামুল বলেন, তিনি লেখাপড়ার পাশাপাশি দিনমজুরি করতেন। মা মারা যাওয়ার পর রান্নাও করতে হতো। এভাবে ২০১৪ সালে ঘোগাদহ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। পরে যাত্রাপুর কলেজে মানবিক শাখায় ভর্তি হন। ভর্তি হয়ে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতে আসেন। দিনে কাজ করতেন, রাতে পড়তেন। এভাবে পরীক্ষা দিয়ে পান জিপিএ-৪.৭৫। গত ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে মেধাতালিকায় ২৩২৫তম হন। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছেন না। এনামুলের বাবা ঝলদ্দি মিয়া বলেন, ‘শুনছি ছেলেটা ঢাকাত চান্স পাইছে। হামরা গরিব মানুষ। অ্যালা নিজে চলবার পাই না, ছাওয়াক কী দেম। তার চায়া গার্মেন্টসে কাম করুক।’ ধরম রবিদাসের বাবা মধুয়া রবিদাস ও মা লাখপতিয়া রবিদাস। তাঁদের দৈনিক মজুরি ১৭০ টাকা। তিন ভাই, দুই বোনের মধ্যে ধরম রবিদাস সবার ছোট। এসএসসির পর থেকে ধরম রবিদাস টিউশনি করে পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন।
২০১৪ সালে শমশেরনগর এএটিএস উচ্চবিদ্যালয় থেকে ধরম রবিদাস জিপিএ-৩.৫৬ পেয়ে উত্তীর্ণ হন। পরে এলাকার কয়েকজনের সহায়তায় তিনি শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ভর্তি হন। সেখান থেকে চলতি বছর জিপিএ-৩.৬৭ পেয়ে পাস করেছেন। তুলনামূলক কম জিপিএ নিয়েও এবার ভর্তি পরীক্ষায় তিনি ‘খ’ ইউনিটে ৩৭৮৭তম স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর দলিত ও হরিজন কোটায়ও ভর্তির সুযোগ রয়েছে। ধরম রবিদাসের ভাই মোহন রবিদাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরমের ভর্তি হওয়ার সুযোগ থাকলেও টাকার অভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোটা-সুবিধা থাকায় ভালো বিষয়ে তাঁর ভাই ভর্তির সুযোগ পাবেন বলে তিনি আশা করেন।
ধরম রবিদাস বলেন, তিনি নিজের ইচ্ছাশক্তি ও চেষ্টায় পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ থেকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। ভর্তি হতে প্রায় ১৭ হাজার টাকা লাগবে। এত টাকা দেওয়ার ক্ষমতা তাঁর পরিবারের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে ভালো চাকরি করে দরিদ্র মা-বাবার মুখে হাসি ফোটাতে চান তিনি।