ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪৫ আসন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ১৪৫টি আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সোমবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
এ সময় জানানো হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬ হাজার ৬৫৫। এ বছর মোট আসন ধরা হয়েছে ৬ হাজার ৮০০। এর মধ্যে ক-ইউনিটে ১ হাজার ৬৮০, খ-ইউনিটে ২ হাজার ২৪১, গ-ইউনিটে ১ হাজার ১৭০, ঘ-ইউনিটে ১ হাজার ৪৪০ ও চ-ইউনিটে ১৩৫টি আসন ধরা হয়েছে।
উপাচার্য বলেন, নতুন কিছু বিভাগ ও ইনস্টিটিউটে আসন বাড়ানোয় এবার মোট আসনসংখ্যা বেড়েছে। এবার প্রথমবারের মতো জাপানিজ স্টাডিজ ও চাইনিজ স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি করা হবে।
ভর্তি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংক সার্ভিস চার্জ, অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা। আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।