ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০৬ কোটি টাকার বাজেট পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট এবার বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ৩০৬ কোটি ২০ লাখ টাকা। গত বছর থেকে এই বাজেট ২৮ কোটি ৯১ লাখ টাকা বেশি।গতকাল বৃহস্পতিবার সিনেট অধিবেশনের দ্বিতীয় দিনে এই বাজেট পাস হয়। তবে বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত সাদা দলের সিনেট সদস্যরা দাবি করেছেন, কোরাম-সংকটের মধ্যেই বাজেট পাস হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেছেন, নিয়মতান্ত্রিক উপায়েই বাজেট গৃহীত হয়েছে। শিক্ষার উন্নয়ন, অবকাঠামোসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়েই বাজেট করা হয়েছে।সাদা দলের সিনেট সদস্য আবুল হাসনাত বলেন, ‘সিনেটে যেসব বিষয় তোলার কথা ছিল, তার সব আসেনি। কোরাম পূর্ণ হওয়ার জন্য কমপক্ষে ২৫ জন সিনেট সদস্য থাকার কথা। কিন্তু কোরাম-সংকটের মধ্যেই এবার বাজেট গৃহীত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।উপাচার্যের অভিভাষণ ও ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে গত বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন শুরু হয়। তবে সাড়ে তিন বছরেও উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থা না করায় অধিবেশন থেকে প্রথম দিন ওয়াকআউট করেন সাদা দলের শিক্ষকেরা। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। উপাচার্যের অভিভাষণের পর বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ কামাল উদ্দিন।প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, বাজেটের আয়ের ক্ষেত্রে ২৩৭ কোটি ৪০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান, অর্থাৎ সরকারি বরাদ্দ থেকে।