ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাহাদাৎ হোসেনের বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আদালত সূত্রে জানা গেছে, যৌন হয়রানির অভিযোগে গত ৬ মার্চ মো. সাহাদাৎ হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি ৯ মার্চ তাঁর হাতে পৌঁছে। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাহসিনা তাসনিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ আর এম হাসানুজ্জামান।

আইনজীবী তাহসিনা তাসনিম প্রথম আলোকে বলেন, সাহাদাৎ হোসেনকে বরখাস্তের আগে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এমনকি তাঁকে নিজের পক্ষে কোনো যুক্তি উপস্থাপনের সুযোগ না দিয়েই বরখাস্ত করা হয়। তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। এ অবস্থায় বরখাস্ত করা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।