ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী গুলিবিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অফিস সহকারী জাকির হোসেন (৪০) গতকাল সোমবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। আহতাবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে জাকির হোসেন টাকা উঠানোর জন্য জনতা ব্যাংক ঢাকা মেডিকেল কলেজ শাখায় যান। ব্যাংকে প্রবেশের সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীর হাতে থাকা বন্দুক থেকে একটি গুলি তাঁর বাম হাতের কনুইতে বিদ্ধ হয়। পুলিশ জানায়, গুলিবিদ্ধ জাকির হোসেন তাঁর ছোট ভাই নবীউল্লার টাকা উঠানোর জন্য চেক নিয়ে ব্যাংকে গিয়েছিলেন। দরজার ওপারে বন্দুক নিয়ে টুলে বসে ছিলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী। জাকির হোসেন ভেতরে যাওয়ামাত্র একটি গুলি তাঁর বাম হাতে বিদ্ধ হয়।নিরাপত্তাকর্মী জাকির হোসেন (৪৫) পুলিশকে জানিয়েছেন, অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে যায় এবং এতে জাকির হোসেন গুলিবিদ্ধ হন।