ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক স্ত্রীর মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জাফর আহমেদ খানকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেন।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল প্রথম আলোকে বলেন, জাফর আহমেদ খান দুজন আইনজীবীর মাধ্যমে দুটি জামিন আবেদন করেছিলেন। দুটি আবেদনই একই আদালতে যায়। আদালত তাঁর কাছে দুটি ওকালতনামায় স্বাক্ষর করার বিষয়ে জানতে চাইলে তিনি তা স্বীকার করেন। আদালত বলেন, এ ধরনের চর্চা কেন করছেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানায়, দুপুরে আদালতের বাইরে থেকে জাফর আহমেদকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তারের পর নিম্ন আদালতে পাঠানো হয়েছে। জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।স্ত্রী রেবেকা পারভীন গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জাফর আহমেদ খানের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ করেন। এ বিষয়ে তিনি গত ২৯ মার্চ আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ৩০ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌতুকবিরোধী আইনে মামলা করেন।সংবাদ সম্মেলনে দুই সন্তানও তাদের মায়ের ওপর ‘নির্যাতনের’ বর্ণনা দেয়।