ঢাকা বিশ্ববিদ্যালয়ের এভারেস্ট দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালের মধ্যে একটি দলকে এভারেস্ট অভিযানে পাঠানোর লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক মো. শওকতুর রহমানের তত্ত্বাবধানে এ উদ্যোগ শুরু হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) পক্ষ থেকে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম দল গঠনের প্রক্রিয়া তত্ত্বাবধান করেন। এ সময় তাঁর শেরপা সর্দার সোম বাহাদুর তামাং এবং সহযোগী পর্বতারোহী এভারেস্টজয়ী লাল বাহাদুর জিরেল উপস্থিত ছিলেন। তাঁরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পর্বতারোহণের বিভিন্ন ধাপ শিক্ষার্থীদের দেখান। কিছু কলাকৌশলও শেখান তাঁরা। আর আগে গত মঙ্গলবার তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে কীভাবে পর্বতারোহণের প্রশিক্ষণ দিয়ে এভারেস্ট অভিযানে পাঠানো যায়, এর রূপরেখা নিয়ে আলোচনা করেন। উপাচার্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এদিকে টিএসসিতে চলছে এনএসিবির আয়োজনে সপ্তাহব্যাপী ‘শাহ সিমেন্ট অ্যাডভেঞ্চার ফেস্ট ২০১১’। গতকাল ছিল এর তৃতীয় দিন। সবার জন্য উন্মুক্ত এ মেলায় শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ আগ্রহ নিয়ে আসছেন। মেলায় এনএসিবি, ঢাকা সাইক্লিং ক্লাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এক্সট্রিম বাংলা, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাব, জাহাঙ্গীরনগর অ্যাডভেঞ্চার ক্লাব, বিয়ন্ড অ্যাডভেঞ্চার ক্লাব, দলছুট, নটর ডেম নেচার স্টাডি ক্লাবের স্টল আছে। এ ছাড়াও আছেন সার্ফার জাফর।উৎসবের অংশ হিসেবে কাল শুক্রবার সকাল আটটায় টিএসসি থেকে শুরু হবে সাইকেল র্যালি। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত টিএসসিতে চলবে শিশুদের জন্য অ্যাডভেঞ্চার আয়োজন।