>* উপ-রেজিস্ট্রার মো. এনামউজ্জামান নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
* উপাচার্যবিরোধী অবস্থান থেকে সরে এসেছে ছাত্রলীগ
* শিগগিরই সিন্ডিকেট সভা ডেকে তদন্ত কমিটি গঠন
* আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকায় তথ্যবিভ্রাটকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলকালাম কাণ্ডে এখনো কোনো তদন্ত কমিটিই গঠন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি ঘটে ঈদের ছুটিতে। ছুটি শেষে গতকাল মঙ্গলবারই বিশ্ববিদ্যালয় খুলেছে। এখন শিগগিরই সিন্ডিকেট সভা ডেকে তদন্ত কমিটি গঠন করা হবে।
১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় এই স্মরণিকা। এতে একটি নিবন্ধে জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ উল্লেখ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। এটিকে ইতিহাস বিকৃতি হিসেবে উল্লেখ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে তাঁর কক্ষে তালাবন্দী করে রাখার পাশাপশি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করে তাঁর বাসভবনে ঢোকার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ওই দিনই ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. এনামউজ্জামানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার দিন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যবিরোধী আন্দোলনে নামলেও এখন তাঁরা উপাচার্যের পদত্যাগের দাবি থেকে সরে এসেছেন। ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ও সরকারের একটি সূত্র জানিয়েছে, মূলত সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই ছাত্রলীগ অবস্থান বদল করেছে। উপাচার্যের ওপর হামলার বিষয়টি কেউ ভালোভাবে নেয়নি। বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ও অসন্তুষ্ট হয়েছে।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন গতকাল প্রথম আলোকে বলেছেন, তাঁদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, যারাই ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। তাঁর দাবি, উপাচার্যের গাড়িতে ছাত্রলীগ হামলা করেনি, এটা সাধারণ ছাত্ররা করেছিলেন, তাঁরা বরং নিবৃত্ত করেছেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিষয়টি নিয়ে এখনো শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে। তবে ক্লাস শুরু না হওয়ায় ছাত্রছাত্রীদের উপস্থিতি একেবারেই হাতে গোনা। বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ বলছে, যেহেতু নিবন্ধটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানের নামে লেখা, তাই এর দায় তাঁর ওপরই বর্তায়। তবে ‘এত বড় ভুলের’ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায় আছে। আবার আরেকটি পক্ষ বলছে, উপাচার্যের গাড়িতে ছাত্রলীগের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা অপরাধ। এ জন্য জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে কোনো মামলা করা হবে কি না, জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, এখনো মামলা হয়নি। আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে শিগগিরই সিন্ডিকেট সভা ডেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অব্যাহতি দেওয়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধেও পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।
গতকাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে অব্যাহতি পাওয়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে পাওয়া যায়নি। কয়েকজন কর্মকর্তা বলেন, অব্যাহতির পর পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি আগের উপ-রেজিস্ট্রার পদেই থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্যের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করেছে। এ বিষয়ে সমিতির একজন নেতা অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁরা বিবৃতি দিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, নানা মত থাকতে পারে, তাই বলে উপাচার্যের ওপর হামলা করতে হবে কেন?