ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়নকারীর বিচার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রথম বর্ষের এক ছাত্রীর ওপর হামলাকারীর গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে’, ‘ছাত্রী নির্যাতনকারীর বিচার চাই’, ‘ছাত্রীর পরিবারের নিরাপত্তা চাই’ লেখা প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি শাখার কর্মীরাও মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নির্যাতিত ওই ছাত্রীর মা আয়েশা আকতার, সহপাঠী আইবিএর ছাত্র ম্যা মো আই, সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আরিফ দেওয়ান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ এপ্রিল টিএসসিতে সবার সামনে মেয়েটিকে পিটিয়ে রক্তাক্ত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের ছাত্র তামহীদ এশাদ। এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। কিন্তু পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করেনি।
২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে মেয়েটির মা সংবাদ সম্মেলন করে তাঁর মেয়ের সুস্থতা, নিরাপত্তা ও বিচার দাবি করেন।