ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত: চালকের সহকারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবাহী চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় বাসের চালকের সহকারী মামুন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শেষে আজ বুধবার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিনের আবেদন করা হলে ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন তা নাকচ করে এ আদেশ দেন।

এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মামুন। মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুজ্জামান এ আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে একটি প্রতিবেদন দেন।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই আসামির দেওয়া নাম-ঠিকানা ত্রুটিপূর্ণ। তাই তার নাম ঠিকানা যাচাইয়ের জন্য এই আসামির জামিন না দিয়ে কারাগারে রাখা প্রয়োজন।

গত ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছু দূর আসার পর তাঁর পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। একপর্যায়ে বাসচালকের সহকারী মামুন তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনো মামুন তাঁকে গালিগালাজ করেন। পরে ওই ছাত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা হিসেবে গ্রহণ করা হয়।

আরও পড়ুন: