ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি চত্বরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ফুয়াদ আহমেদ (২৫) নামের এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্ত্যক্তকারী ফুয়াদকে শাহবাগ থানায় সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সোয়া নয়টার দিকে দুটি মোটরসাইকেলে করে তিন যুবক টিএসসি মোড়ে যান। তাঁরা মোটরসাইকেল থামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক রোকেয়া হলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে ওই ছাত্রী উত্ত্যক্তকারীদের একজনের গালে চড় মারেন। এতে উত্ত্যক্তকারী তিন যুবক ওই ছাত্রীর ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুয়াদ নামের একজনকে আটক করতে সক্ষম হলেও অন্য দুজন পালিয়ে যান। শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, আটক ফুয়াদকে গ্রেপ্তার দেখিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বঙ্গবাজারের ব্যবসায়ী। তাঁর বাসা পুরান ঢাকার আগামসিহ লেনে। উত্ত্যক্তকারীদের ব্যবহূত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।