ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির সিটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী মাশরুবা বিনতে মোশাররফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল সকালে তাঁর অবস্থার কিছুটা উন্নতি লক্ষ করা গেলেও বিকেলে অবনতি হয়।গত বুধবার রাতে লোডশেডিং চলাকালে মোমবাতি নিয়ে নিজেদের বাসার বাথরুমে ঢুকে পানির কল খোলার সঙ্গে সঙ্গে ঘটা বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। তাঁর মুখ, হাত ও গলাসহ শরীরের প্রায় ২৫ ভাগ পুড়ে যায়।মাশরুবার মামা জামাল খান প্রথম আলোকে জানান, ‘সকালে মাশরুবার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়। তখন সে পরিবারের অনেকের সঙ্গে কথাও বলে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়। কিন্তু বিকেল পাঁচটায় চিকিৎসকেরা জানান, তার অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় স্থানান্তর করলে আরও অবনতি হতে পারে। সে ক্ষেত্রে সব দায়ভার পরিবারের সদস্যদের নিতে হবে। এ জন্য আমরা আর ঝুঁকি নিইনি।’ সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) কর্তব্যরত একজন চিকিৎসক জানান, মাশরুবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরের কিছু স্থানে চামড়া ভেদ করে মাংসও পুড়ে গেছে। ওই সব স্থানে তিনি বেশ ব্যথা অনুভব করছেন। এখন তিনি কথাও বলতে পারছেন না।