ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর ও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ অন্তত আটজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে ফুলপুরে মারা গেছেন পাঁচজন, আর দাউদকান্দিতে তিনজন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-হালুয়াঘাট সড়কে ফুলপুর উপজেলার বাগুন্দা মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে উপজেলার ফতেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভিন (২২) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি উপজেলার কাকনী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রী সাবিনা ইয়াসমিনকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়িও কাকনী গ্রামে। তিনি ফুলপুর উপজেলার পানিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শিক্ষক শাহানাজ ও সাবিনা কাকনী গ্রাম থেকে ফুলপুরে যাচ্ছিলেন।সাবিনা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।এ ছাড়া গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে উপজেলার জয়রামকুড়া গ্রামের বাসচালক জামাল উদ্দিন (৩৫) ও গোপীনাথপুর গ্রামের ইয়াকুব আলী (৬৫) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।আহত অন্য যাত্রীদের মধ্যে ১৯ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে গতকাল সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গাজীপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি বেবিট্যাক্সিকে চাপা দিলে ট্যাক্সিটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হন।নিহত যাত্রীরা হলেন উপজেলার সেন্দী গ্রামের মাহবুবুল আলম (৪৫), ছাদেকুর রহমান (৬০) ও আবুল বাসার (৪০)। আহত ব্যক্তিরা হলেন সেন্দী গ্রামের কবির হোসেন ও পেন্নাই গ্রামের রুহুল আমিন হাজারী। রুহুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কবিরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেবিট্যাক্সিটি উপজেলার সেন্দী গ্রাম থেকে যাত্রী নিয়ে দাউদকান্দি সদরে যাচ্ছিল। পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যান। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।