ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক বেতন কমিশন গঠন বিবেচনাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতন কমিশন গঠন এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া বঙ্গবন্ধু বৃত্তিও আবার চালু করা হবে। খবর বাসস ও ইউএনবির।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক সহিদ আকতার হোসাইনের নেতৃত্বে সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থা, শিক্ষার উন্নয়ন ও জাতীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশকে সন্তোষজনক আখ্যায়িত করেন এবং এ জন্য শিক্ষক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। শিক্ষকনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এবারও ১/১১-এর পর নির্বাচন না করার যে ষড়যন্ত্র হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার প্রথম প্রতিবাদ হয়েছে। এ জন্য স্বাধীনতা পুরস্কার অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী নতুন শিক্ষানীতি প্রণয়নের উল্লেখ করে বলেন, সবার সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এবারই প্রথম শিক্ষাবর্ষ শুরুর আগেই মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষকনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিক্ষকদের আবাসনসহ বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তিতে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি তৈরিতে সাহায্য করতে স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আরতুরো ম্যানুয়েল পেরেজ গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অন্যান্য ইউরোপীয় দেশের মতো স্পেনও বাংলাদেশে বস্ত্র, সিরামিক, সফটওয়্যার বিশেষ করে জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।