ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে নীল ৮, সাদা ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে সরকার-সমর্থক নীল দলের শিক্ষকেরা আটটি অনুষদে এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা দলের শিক্ষকেরা দুটি অনুষদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা দুটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ হয়। বেলা তিনটার দিকে নির্বাচন পরিচালনাকারী কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, এক হাজার ১৫৬ ভোটের মধ্যে এক হাজার ১১৫টি ভোট গণনা করা হয়েছে।
ডিন নির্বাচনে নীল দলের বিজয়ীরা হলেন: কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আবদুল আজিজ, ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইমদাদুল হক, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম।
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে সাদা দলের কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল নির্বাচিত হন।
সাদা দলের পক্ষে ফার্মেসি অনুষদে ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক তাসলিমা মনসুর বিজয়ী হয়েছেন। তবে আইন বিভাগে সাদা দলের মনোনীত অন্য একজন প্রার্থী ছিলেন। অধ্যাপক তাসলিমা স্বতন্ত্র নির্বাচন করেছিলেন।