ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক লাঞ্ছিত সাংবাদিক গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মীর রাকিব উন নবী নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দৈনিক যুগান্তর-এর সাংবাদিক বলে জানা গেছে।শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাকিবসহ হামলাকারী তিন ছাত্র মাতাল অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক সাগর সেনের ব্যক্তিগত গাড়ির ছাদে শুয়ে থাকেন। এ সময় সাগর সেন তাঁদের গাড়ি থেকে নামতে বললে ছাত্ররা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে রাকিব প্রভাষক সাগর সেনকে ঘুষি মারেন। এতে তাঁর একটি কান ফেটে যায়। এ সময় সাগর সেনের সহকর্মী রেজওয়ানুল হক খান ও ইফতেখারুল আমিন এগিয়ে গেলে তাঁদেরও লাঞ্ছিত করা হয়। শিক্ষকদের চিৎকার শুনে আশপাশে থাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা এসে রাকিবকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যান।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রাকিব, মাসুদ ও অমিকে আসামি করে মামলা করা হয়েছে।