ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পাওয়া অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ঝালকাঠিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন। পথে ঝালকাঠি শহরের কলেজ মোড়ে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সিদ্দিকুর রহমান, আকলিমা মোয়াজ্জেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কাঞ্চন আলী মোল্লা, বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষক মোস্তফা কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এস এম রুহুল আমীন প্রমুখ।
আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সহ-উপাচার্য মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।