ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষকের খোঁজ মিলল দীঘিনালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার প্রায় ৩৮ ঘণ্টা পর খোঁজ মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুর উদ্দিন আলোর। গতকাল বুধবার তিনি খাগড়াছড়ির দীঘিনালা থানায় একাকী হাজির হন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, নুর উদ্দিন থানায় গিয়ে জানান তাঁকে ৭ মে ঢাকার উত্তরা থেকে অপহরণ করা হয়েছে। তাঁকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুবল জ্যোতি চাকমা জানান, নুর উদ্দিনের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো ব্লেড দিয়ে করা।নুর উদ্দিন গত সোমবার রাতে তাঁর ছাত্র এনামুল হকের মুঠোফোনে খুদে বার্তা পাঠান। তাতে লিখা ছিল, ‘ওরা আমাকে কিডন্যাপ করে বন্দী করে রেখেছে।’ এনামুল হক বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশকে জানান। তিনি এ বিষয়ে থানায় জিডি করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ বলেন, ‘নুর উদ্দিন অপহূত হয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নুর নাহার ভূঞা নামের এক নারী নুর উদ্দিনকে স্বামী দাবি করে তাঁর ওপর নির্যাতনের প্রতিকার চেয়ে গত ১০ মার্চ জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করেন। তিনি দাবি করেন, ২০০৮ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর নুর উদ্দিন তাঁর (নুর নাহার) পৈতৃক সম্পত্তি লিখে দেওয়ার জন্য নির্যাতন শুরু করেন। ২৪ মার্চ নুর নাহার সংবাদ সম্মেলন করে বিয়ের সপক্ষে কিছু প্রমাণ দেখান। নুর উদ্দিন বিয়ের বিষয়টি অস্বীকার করেন।