ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের মর্গে থাকা লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলাও হয়নি। গত বছর মে মাসে এ পুকুরে ডুবেই মারা যান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ হায়দার। তিনি বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে শহীদুল্লাহ হলের পুকুরে তাঁরা লাশটি দেখতে পান। শিক্ষার্থীরা শাহবাগ থানায় খবর দেন। থানা থেকে ফায়ার সার্ভিস কর্মীদের জানানো হয়। চারটার দিকে ফায়ার সর্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরনে লুঙ্গি ও সোয়েটার ছিল।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, লাশটি বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের নয়। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।