ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনায় গুরুত্ব পায় না বই প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গত এক যুগে ২৪টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে পুনর্মুদ্রণ ও সংস্করণ বেরিয়েছে ১৬টি বইয়ের। প্রতিবছর গড়ে দুটি বই প্রকাশে সীমাবদ্ধ দেশের সবচেয়ে পুরোনো এবং বড় এ বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা। প্রতিষ্ঠার ৯৬ বছরে নিজস্ব প্রকাশনা সংস্থা থেকে বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত গ্রন্থের সংখ্যা মাত্র ১৭১।
বিভিন্ন বিভাগের গবেষণা জার্নালগুলো নিয়মিত প্রকাশিত হয় না। যে কয়টি প্রকাশিত হয়, সেগুলোও প্রকাশনা সংস্থায় পাওয়া যায় না। কেবল সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকদের মধ্যে তা বণ্টন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যে বলা হয়েছে, গ্রন্থ রচনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং এর অন্তর্গত অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের উৎসাহিত করে তাদের রচিত গ্রন্থ প্রকাশ করা, প্রকাশিত গ্রন্থ বিপণন করা।
প্রকাশনা সংস্থায় পরিচালনা পরিষদে সার্বক্ষণিক পরিচালক থাকার কথা থাকলেও বাংলা বিভাগের একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। নিজস্ব মুদ্রণালয় থাকলেও তার আধুনিকায়ন ঘটেনি। ফলে নিজস্ব গ্রন্থ মুদ্রণের কাজটি সারা হয় বাইরের প্রতিষ্ঠান থেকে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বাড়তি অর্থ খরচ হয়।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রকাশনা সংস্থার দোকানটি ঘুরে দেখা যায়, অন্য প্রকাশনীর বইপত্র, পত্রিকা, সিলেবাস, ডায়েরি, দেয়াল ক্যালেন্ডার, খাতা, টি-শার্ট, স্যুভেনির সাজানো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বইগুলো আড়ালে পড়ে আছে। কোনোটি মাটিতে স্তূপ করে রাখা, কোনোটায় ধুলা পড়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়কে চেনা যায় তার প্রকাশনার মাধ্যমে। আর এটা যদি না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন হয়। বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা একটা দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’
বিশ্ববিদ্যালয়টির চলতি বাজেট বিবরণীতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থায় মোট বরাদ্দ ১ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে প্রকাশনা খাতে বরাদ্দ ১ কোটি ২ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ১০ লাখ টাকা বেশি। গবেষণা পত্রিকা ও জার্নালগুলোর সব প্রকাশ করতে না পারায় গত অর্থবছরে সব টাকা খরচ করা যায়নি। প্রকাশনা খাতের এই বরাদ্দের মধ্যে অবশ্য নতুন বই প্রকাশ করার জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। বইপত্র, ডায়েরি, প্রসপেক্টাস, সিলেবাস, একাডেমিক ক্যালেন্ডারসহ বরাদ্দ মাত্র ১৮ লাখ টাকা, যার বেশির ভাগটাই বই প্রকাশ ছাড়া বাকি কাজে ব্যয় হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রয়োজনের তুলনায় বই প্রকাশে বরাদ্দের পরিমাণ খুব কম। বিশ্ববিদ্যালয় মুদ্রণালয়ের ভারপ্রাপ্ত ম্যানেজার এস এম বিপাশ আনোয়ার বলেন, ছাপাখানাটি পরীক্ষার প্রশ্ন, খাতা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এখানে এখনো পুরোনো মেশিনে চলছে। বিশ্ববিদ্যালয় প্রকাশনার বই এখান থেকে বের করা সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা থেকে এযাবৎ মাত্র তিনটি বই অনূদিত হয়েছে। প্রকাশনা সংস্থার পাণ্ডুলিপি নির্বাচন, সম্পাদনা ও অনুবাদ শাখার সচিব অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দু-একটি বিষয় ছাড়া প্রায় সব বিষয়ই ইংরেজিতে পড়ানো হয়। এ জন্য হয়তো অনুবাদের প্রতি আগ্রহটা কম।’
এমন একটি প্রতিষ্ঠানের প্রকাশনার এই বেহাল অবস্থার সম্পর্কে কথা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও প্রাক্তন ছাত্রনেতা, বর্তমান ছাত্রনেতাদের সঙ্গে। তাঁরা বলেন, শিক্ষক ও গবেষকদের আগ্রহ বিদেশে যাওয়ার দিকে। জ্ঞানচর্চার সংস্কৃতি সংকুচিত হচ্ছে।
ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকের সংখ্যা যেখানে দুই হাজার, সেখানে বছরে দুটি করে বই প্রকাশ খুবই হতাশাব্যঞ্জক।
বই প্রকাশনার নিয়ম সম্পর্কে জানা যায়, কোনো পাণ্ডুলিপি জমা পড়লে সেটা পর্যালোচনা করতে গবেষণা বিষয়ে বিশেষজ্ঞ দুজন ব্যক্তির কাছে পাঠানো হয়। দুই বিশেষজ্ঞের পর্যালোচনার পর একাডেমিক কমিটির মাধ্যমে সিন্ডিকেটে অনুমোদনের পর তা ছাপা হয়। পুরো প্রক্রিয়ায় প্রায় দুই বছর লেগে যায়। এ কারণে লেখকেরাও আগ্রহ দেখান না। আবার অনেক সময় গবেষণার বিষয়ে বিশেষজ্ঞ পাওয়া যায় না।
একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিয়মিত বই লিখছেন, অনুবাদ করছেন। তার মানে সমস্যাটা প্রকাশনা সংস্থার। এখান থেকে বই প্রকাশিত হলে সেটা প্রচারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। সম্মানীও যথাযথভাবে পাওয়া যায় না।
প্রকাশনা সংস্থার পরিচালক অধ্যাপক নূরুর রহমান বলেন, ‘একটি পাণ্ডুলিপি প্রকাশ করতে দেড় থেকে দুই বছর পার হয়ে যায়। লেখকেরা এত দীর্ঘ সময় অপেক্ষা না করে পাণ্ডুলিপি অন্য কোথাও দিয়ে দেন।’