ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নই সামাজিক উন্নয়নের মাপকাঠি নয়। সামাজিক উন্নয়ন ঘটাতে হলে ধনী-গরিব, উঁচু-নিচু ও নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে।
‘অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উচ্চশিক্ষা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত আলোচনা সভায় স্পিকার এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, উন্নয়নের মূলধারায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।
মূল প্রবন্ধে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, উচ্চশিক্ষা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষ বৈষম্য নিরসনের ক্ষেত্রে বাংলাদেশ সফল হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ প্রমুখ।
এর আগে সকালে বিভিন্ন হলের প্রাধ্যক্ষদের নেতৃত্বে শিক্ষার্থীরা শোভাযাত্রা করে মল চত্বরে মিলিত হন। সেখানে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী কর্মসূচিতে প্রামাণ্যচিত্র, গবেষণা, শিল্পকর্ম ও নাটক প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক, ভূমিকম্প সচেতনতা মহড়া ইত্যাদি ছিল। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসকে আলোকসজ্জিত করা হয়।