ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শিক্ষাসফরে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন শিক্ষক ও অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
এ হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন কবির হোসেন, আবদুল লতিফ, মো. মোস্তফা, সাইফুল ইসলাম ও হেলেনা বেগম।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ১৮৫ জন শিক্ষার্থী বন অধিদপ্তরের অনুমতি নিয়ে বিশেষ ছাড়ে শিক্ষাসফরে যান। শিক্ষার্থীরা সাফারি পার্কে ঢুকতে গেলে ফটকে ইজারাদারের লোকজন তাঁদের কাছে পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখে দেখে শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখনো কোনো পরিচয়পত্র পাননি। তাঁরা ভর্তির রসিদ ও লাইব্রেরি কার্ড দেখান। তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এ নিয়ে ইজারাদারের লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রীপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফটকের ইজারাদার সফিকুর রহমান এবং থানা কৃষক লীগের সভাপতি কবির হোসেনের নেতৃত্বে একদল লোক শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ২০ শিক্ষার্থী আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুঠোফোনে ধারণ করা ছবি দেখে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে পাঁচজনকে আটক করে।
মাস্টার্সের ছাত্র মাহমুদুর রহমান খান প্রথম আলোকে বলেন, বন বিভাগের অনুমতি ও পরিচয়ের বৈধ কাগজপত্র থাকার পরও পার্কের ফটকের ঠিকাদার সফিকুল ও কবিরের নেতৃত্বে তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে ভেতরে থাকা শিক্ষার্থীদেরও পেটানো হয়।
ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর নামে পার্ক, সেই পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা খুবই দুঃখজনক।
জানতে চাইলে পার্কের ঠিকাদার সফিকুল বলেন, ‘পার্কে ঢোকার সময় শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে ফটকের কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। তা দেখে আমি এগিয়ে গেলে আমার পেছন থেকে হামলা চালানো হয়। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’
অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, হামলার এ ঘটনা দুঃখজনক। হামলার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।