ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী দীন মুহম্মদের ইন্তেকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ অধ্যাপক ড. কাজী দীন মুহম্মদ গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি...রাজিউন)। কাজী দীন মুহম্মদ ১৯২৭ সালের ১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপসা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স, ১৯৪৯ সালে এমএ ডিগ্রি এবং ১৯৬১ সালে লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫১ সালে জুলাই মাসে রংপুর কারমাইকেল কলেজে বাংলার প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। একই বছরের ১ নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ১৯৮৭ সালে তিনি স্বাভাবিক অবসর নেন। তিনি প্রেষণে ১৯৬৪-৬৫ সালে তৎকালীন পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক উন্নয়ন কর্মকর্তা এবং ১৯৬৭-৬৯ সালে বাংলা একাডেমীর পরিচালক ছিলেন। তিনি রাজধানীর কলাবাগানে ১২৯ নম্বর বাসায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস।